ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দিল্লির বিক্ষোভ থেকে ছাত্রনেতা নেহা বোরা আবারও আটক

ভারতের রাজধানী নতুন দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে চলা আন্দোলন থেকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে আবারও পুলিশ আটক করেছে। বিক্ষোভে অংশ নেওয়ার জন্য গন্তব্যে যাওয়ার পথে তাঁকে এই আটক করা হয়।


রোববার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে দিল্লির আরকে আশ্রম এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছিলেন নেহা বোরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচার চালিয়ে তিনি জানান, ব্যারিকেড পেরিয়ে তাঁরা কনট প্লেস এলাকায় পৌঁছে গেছেন। এর পরপরই পুলিশ তাঁকে আটক করে।


এর আগে গত ১০ অক্টোবর পুলিশি হেফাজত থেকে মুক্তি পেয়েছিলেন এই ছাত্রনেতা। এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, আটকের সময় পুলিশ তাঁর মোবাইল ফোন নিয়ে নিয়েছিল, যা পরে ফিরিয়ে দেওয়া হয়। এ ছাড়া ময়দান গড়ি থানায় আটক অন্যান্য নারী আন্দোলনকারীদেরও সে সময় মুক্তি দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।


এদিকে দিল্লিতে সাধারণ মানুষ ও ভিন্নমতাবলম্বীদের ওপর পুলিশের দমনপীড়ন এবং ব্যাপক আটকের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, সমালোচনামূলক কণ্ঠস্বর স্তব্ধ করতে নয়াদিল্লি ভয়ের পরিবেশ তৈরি করছে।


অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার প্রধান আকার প্যাটেল গণমাধ্যমকে জানান, বিরোধী দলের নেতা, ছাত্রনেতা, সাংবাদিক ও আইনজীবীসহ পাঁচ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। এসব ঘটনা থেকে স্পষ্ট যে সরকার যেকোনো সমালোচনা দমন করতে চাইছে।


মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগের কারণে আটককৃতদের অবিলম্বে এবং শর্তহীনভাবে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।


ads
ads
ads

Our Facebook Page

↑